মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। রেলপথ ও পানি পথের উন্নয়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। শুক্রবার দুপুরে মোহনগঞ্জ রেল স্টেশন প্রাঙ্গণে স্টেশনটিকে আধুনিকায়নে নতুন নির্মাণকাজের উদ্বোধনী সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারসাম্য সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। পরে মন্ত্রী মোহনগঞ্জ রেল স্টেশনের চলমান উন্নয়নকাজের উদ্বোধন করেন। রেলওয়ের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন।
