স্পোর্টস রিপোর্টার
শেখ রাসেল গোল্ডকাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারী থানা দল। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ওয়ারী থানা দল টাইব্রেকারে ৪-২ তেজগাঁও থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত খেলা ১-১ গোলে শেষ হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় এবারের আসরটি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি পুরস্কার বিতরণ করেন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, সংগঠনের আরেক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহম্মদ রতন এবং সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
