ব্রিটেনে ছুরিকাঘাতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুরে পূর্ব ইংল্যান্ডের নিজ নির্বাচনি এলাকায় রাজনৈতিক বৈঠকের সময় এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেন। বিবিসির খবরে বলা হয়েছে, এসেক্সের লেহ-অন-সি এর বেলফেয়ারস মেথোডিস্ট গির্জায় সভা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র পুলিশ গির্জাটি ঘিরে রেখেছে। এ ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে এবং ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, কয়েক দফা ছুরিকাঘাতের পর জরুরি সেবা দেওয়া হলেও এমপি অ্যামেস ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ২৫ বছর বয়সি একজনকে গ্রেফতার করেছে।
৬৯ বছর বয়সি স্যার অ্যামেস ১৯৮৩ সালে বাসিলডন থেকে প্রথম এমপি নির্বাচিত হন। ১৯৯৭ সালে তিনি সাউন্ড অ্যান্ড ওয়েস্ট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত চার দশক ধরে তিনি কনজারভেটিভ পার্টির ‘ব্যাকবেঞ্চার’ হিসেবেই ছিলেন। রোমান ক্যাথলিক ধর্ম বিশ্বাসে বেড়ে ওঠা স্যার অ্যামেস সামাজিক রক্ষণশীল হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত ছিলেন। তিনি গর্ভপাতবিরোধী এবং প্রাণী কল্যাণ ইস্যুর ক্যাম্পেইনার ছিলেন। গত পাঁচ বছরে হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় ব্রিটিশ এমপি হলেন স্যার অ্যামেস। এর আগে ২০১৬ সালে ব্রেক্সিট গণভোটের আগের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন লেবার পার্টির এমপি জো কক্স।
স্যার অ্যামেসের হত্যাকাণ্ডকে ভয়াবহ ও মর্মান্তিক বলে মন্তব্য করেছেন বিরোধী দল লেবার পার্টির নেতা কেই স্টারমার। স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, তিনি একজন মহত্ মানুষ ছিলেন। একজন এমপি যখন তার গণতান্ত্রিক ভূমিকা পালন করছিলেন তখন তাকে হত্যা করা হয়েছে।
