পূজামন্ডপে সৃষ্ট উত্তেজনায় আওয়ামী লীগ মদদ দিচ্ছে ------------- মির্জা ফখরুল

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:১৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূজামণ্ডপে সৃষ্ট উত্তেজনার ঘটনায় আওয়ামী লীগ পুরোপুরি মদত ও উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। 

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মাটিতে হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা সবসময় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে। মাঝেমধ্যে  তারা তাদের মূল সংকটগুলো থেকে জনগণের দৃষ্টি দূরে সরিয়ে নেওয়ার জন্য ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে। এ ধরনের ঘটনা কখনো কাম্য নয়। আমরা নিন্দা জানিয়েছি। আমরা দাবি করছি যে, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করা হোক এবং তাদের বিচারের আওতায় আনা হোক। 

এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সকালে চট্টগ্রাম আসেন। আজ শনিবার বিকাল ৩টায় তিনি কাজির দেউরির একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির কর্মী সম্মেলনে যোগ দেবেন বলে মহানগর বিএনপির একটি  সূত্র জানায় ।