কুমিল্লার নানুয়াদীঘিরপাড়ে পূজামণ্ডপে বুধবারের ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবারও নগরীসহ বিভিন্ন উপজেলায় চাপা উত্তেজনা বিরাজ করছিল। এছাড়া ছিল বিভিন্ন ধরনের গুজবও। শুক্রবার জুমার নামাজ ও হিন্দু সম্প্রদায়ের দেবী বিসর্জনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর ছিল সতর্ক পাহারা। এছাড়া শহরের সড়কগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। এদিকে পূজামণ্ডপকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় শুক্রবার পর্যন্ত জেলার তিনটি থানায় ছয়টি মামলায় ৬৮৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ ৪২ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
এদিকে পূজামণ্ডপের ঘটনার ছবি-ভিডিও এডিটিং করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও আইনশৃঙ্খলায় ব্যাঘাত সৃষ্টির অভিযোগে গোলাম মাওলা নামে এক যুবককে বৃহস্পতিবার রাতে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর নানুয়াদীঘির উত্তরপাড়ে গত বুধবার সকালে একটি পূজামণ্ডপের ঘটনার পর জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাংচুরসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পৃথক চারটি মামলা করে। এ চারটি মামলায় ৬১ জনকে এহাজারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এছাড়া জেলার সদর দক্ষিণ মডেল থানায় তিনটি মামলায় তিন জনকে এজাহারনামীয় ও ৮০ জনকে অজ্ঞাতনামা এবং দাউদকান্দি মডেল থানার একটি মামলায় ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এসব মামলার মধ্যে কোতোয়ালি মডেল থানাপুলিশ ৩৯ জনকে ও সদর দক্ষিণ মডেল থানাপুলিশ ৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে শুক্রবার জেলহাজতে প্রেরণ করেছে।
এদিকে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে নগরীর কান্দিরপাড় নিউ মার্কেট এলাকা থেকে জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ভিডিও এডিটিং এক্সপার্ট গোলাম মাওলাকে (২৬) গ্রেফতার করা হয়েছে। সে নামে-বেনামে ফেসবুক ও ইউটিউবে ছবি এবং ভিডিও এডিট করে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করছিল। গ্রেফতারকৃত গোলাম মাওলার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে র্যাব।
সন্ধ্যায় কুমিল্লা জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রতীমা বিসর্জন হয়েছে। পরিবেশ সম্পূর্ণরূপে স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের পাশাপাশি বিজিবি মাঠে থাকবে।
