আরেক প্রার্থীর ছেলে গ্রেফতার
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থানা স্বেচ্ছসেবক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মারধরের শিকার হন। সেই সঙ্গে তার মনোনয়নপত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে তিনি থানায় মামলা করলে পুলিশ এক জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফয়েজুল ইসলাম খান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খানের ছেলে। আব্দুল মাজেদ এবারও ১১ নভেম্বর নির্বাচনের নৌকার প্রার্থী। গতকাল বিকালের দিকে ঘটনার কিছুক্ষণ পরই থানা থেকেই ফয়েজুলকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী থানা স্বেচ্ছসেবক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, নির্বাচন অফিসারের সঙ্গে আলাপ করেই তিনি বিকালের দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তাবকারী ও সমর্থনকারীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। কিন্তু নির্বাচন অফিসের কাছে পৌঁছামাত্র ফয়েজুল ইসলাম খানের নেতৃত্বে আরো কয়েক জন তাকে গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করে মনোনয়নপত্র ও ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। পরবর্তী সময়ে লোকজন এসে ওবায়দুরকে উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা করা হলে অভিযুক্ত ফয়েজুল ইসলাম থানায় যান প্রভাব বিস্তার করে মামলার খবর নিতে। এমন সময় পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা স্বীকার করেন থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা।
সিংগাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান জানান,‘ওবায়দুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতেই পারে। প্রার্থিতা প্রত্যাহারেরও সময় আছে। সে আমাদের দলেরই লোক। এ ব্যাপারে আমরা বসেই সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু তাকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া মোটেও ঠিক করেনি ফয়েজুল। ফয়েজুল যা করেছে ব্যক্তিগতভাবে করেছেন। দল তার দায়িত্ব নেবে না।’
