গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ক্ষতিগ্রস্ত তিনটি মন্দিরে লক্ষ্মী ও কালীপূজায় সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিকসহায়তার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার দুর্বৃৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত তিনটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, গাজীপুর মহানগরীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পূজামণ্ডপে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করে দোষী ব্যক্তিদের খুঁজে বের এবং তাদের মদতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার অনুরোধ জানান।
তিনি হামলায় ক্ষতিগ্রস্ত তিনটি পূজামণ্ডপে লক্ষ্মীপূজা ও কালীপূজা উদ্যাপনের জন্য যত টাকা খরচ হয় তা সিটি করপোরেশনের পক্ষ থেকে ঐ পূজামণ্ডপগুলোতে আর্থিক সহযোগিতা করার ঘোষণা দেন।
পরিদর্শনকালে হিন্দু ধর্মীয় নেতা অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, অরুন কুমার দাস, নারায়ণ চন্দ্র, আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম আসকর, আনোয়ার হোসেন, কাউন্সিলর সাইজুদ্দিন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর কাশিমপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তিনটি পূজামণ্ডপ ভাঙচুর করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় পুলিশ ১৯ জনকে আটক করেছে।
