ভারতের দিল্লির সিংঘু সীমান্তে কৃষক বিক্ষোভকেন্দ্রে উলটে রাখা পুলিশ ব্যারিকেডের ওপর এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কৃষকদের বিক্ষোভস্থল থেকে শুক্রবার ভোরে হাত-পা কাটা ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি লাখবির সিং (৩৫) পাঞ্জাবের টাম তারান জেলার বাসিন্দা। তিনি শ্রমিকের কাজ করতেন। নৃশংস ঐ হত্যাকাণ্ডের জন্য শিখ গ্রুপ নিহংসকে দায়ী করা হচ্ছে। হত্যাকাণ্ডের যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, নিহংস গ্রুপটি লাখবির সিংকে ঘিরে তার কবজি কেটে দেয়। তীব্র যন্ত্রণায় কুঁকড়ে ওঠেন লাখবির। তবে তাকে কেউ সাহায্য করতে এগিয়ে যায়নি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শিখ ধর্মগ্রন্থকে অপমান করায় লাখবির সিংকে হত্যা করে নিহংস গ্রুপটি। পরে তারা মরদেহটি পুলিশ ব্যারিকেডে ঝুলিয়ে রাখে। সরবজিত্ সিং নামে একজন আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতে হাজির করা হবে।
