ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া দুজন হলো মো. শাহেদ (৪) ও আয়েশা(৭)। তারা ওই গ্রামের মো. আজাদ ভূঁইয়ার সন্তান। আয়েশা নোয়াপাড়া মাদরাসায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে শাহেদ ও আয়েশা বাড়ির পেছনে একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে যান। এ সময় তারা শাহেদ ও আয়েশাকে পানিতে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সিদ্দিক জানান, ওই দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ইত্তেফাক/ইউবি
