বাকৃবি ক্যাম্পাসে ভারী যান চলাচল

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:১৭

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা মনে এলেই চোখে ভেসে ওঠে বৃক্ষরাজিতে সজ্জিত প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, খেলার মাঠ, আবাসিক হল এবং টিএসসি প্রাঙ্গণ। ময়মনসিংহ শহরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর অবস্থান। ক্যাম্পাসটির পরিবেশ মনোরম হলেও প্রধান সড়কগুলোজুড়ে ভারী যানবাহনের চলাচল! যার মধ্যে রয়েছে মালবাহী ট্রাক, কার্গো গাড়ি, নির্মাণসামগ্রীবাহী গাড়ি, বালু বহনকারী যানসহ মাঝারি আকারের অসংখ্য যান। এগুলো চলাচল করে বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য দুটি মোড়—আবদুল জব্বার মোড় এবং শেষ মোড় হয়ে। বাংলাদেশ মত্স্য গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) থেকে জব্বারের মোড় দিয়ে সারা দিনই ভারী যান চলাচল করে। প্রায় সব শিক্ষার্থীকে ক্লাস, শহরে যাতায়াত, কেনাকাটা এবং তিনবেলার খাবারসহ বিভিন্ন কাজে জব্বারের মোড়ে আসতে হয়। ছেলেদের প্রায় অনেকেই সাইকেল ব্যবহার করে। আর মেয়েরা রাস্তা পার হয় পায়ে হেঁটে। ভারী যানের জন্য দুর্ঘটনার আশঙ্কা থাকে। এমনকি মাঝে মাঝে অটোরিকশাগুলোর চালকদের মাঝে বাক-বিতণ্ডার সৃষ্টি হয় যখন বড় গাড়ির দখলে থাকে সম্পূর্ণ রাস্তা। সন্ধ্যা থেকে শুরু হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভারী যানের মেলা। পথ কমানোর জন্য ব্রিজ মোড় থেকে যানগুলো শহরের বাইপাসমুখী হওয়ার পরিবর্তে বিশ্ববিদ্যালয়মুখী হয়। এগুলো বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেইট—আবাসিক এলাকা, ছাত্রী হল, কে আর মার্কেট—শেষ মোড় হয়ে সূতিয়াখালী রোড দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছে। এসব যানের কারণে দিনের বেলা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটে এবং রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ব্যাহত হয়। বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ প্রয়োজনে ভারী যান চলাচলে কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসে ভারী যান থেকে নিসৃত ধোঁয়া, হর্নের শব্দ ইতাদি বন্ধের ব্যাপারে বিনীত আবেদন জানাচ্ছি।

আবদুল্লাহ ওমর আসিফ, শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ