ক্রেতাদের অনলাইনে জেনে শুনে বুঝে কেনাকাটার আহ্বান জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সম্প্রতি দেশের ২০টি ই-কমার্স নিয়ে আয়োজিত ‘শপিং ফেস্ট টেন-টেন’ উপলক্ষে আয়োজিত এক সচেতনতামূলক ক্যামিপংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ই-ক্যাবের পক্ষে এই বার্তা দেয়া হয়।
ক্যামিপংয়ের স্লোগান নির্ধারণ হয় ‘জেনে-বুঝে-শুনে শপিং হবে অনলাইনে’। ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, আমরা প্রকৃত ই-কমার্স উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই এবং মন্দ ব্যবসায়িক কৌশল প্রয়োগের পথ খোলা রাখতে চাইনা। এ ব্যাপারে বেশ কিছু বিষয়ে ই-ক্যাব সরকারের সাথে কাজ করছে। কয়েকটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত অন্যান্য প্রতিষ্ঠানকে নজরদারীতে রাখা হয়েছে। অনুষ্ঠানে ই-ক্যাব নেত্রীবৃন্দ জানান, ই-কমার্স কোনো প্রতারণা ব্যবসা নয় এবং কোনো ব্যবসায় পণ্য ক্রয়ের মাধ্যমে সে ব্যবসায় বিনিয়োগ করা যায় না এবং অস্বাভাবিক সময় নিয়ে অযাচিত মূল্যছাড় দিয়ে কোনো দীর্ঘস্থায়ী ব্যবসায়িক ধারণা প্রতিষ্ঠা করা যায়না। আর তাই ক্রেতাদেরকে সঠিক ই-কমার্স প্রতিষ্ঠান থেকে জেনে শুনে বুঝে সঠিক পদ্ধতিতে পণ্য ক্রয় করতে হবে। মূলত এসব বার্তা দেয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
