হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
হাজীগঞ্জে শুক্রবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. খোকন হোসেন (৩৯)। উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামে এ ঘটনা ঘটে। খোকন উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের কবিরাজ বাড়ির মিজানুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খোকন পেশায় একজন কাঠমিস্ত্রি। গত কয়েক দিন যাবত্ তিনি ও তার সহকারী নাটেহরা গ্রামে একটি বসতঘরের কাজ করছিলেন। শুক্রবার তিনি কাজ শেষে ইলেকট্রিক রান্দা থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় তার সহকারীসহ ঐ বাড়ির লোকজন খোকনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
