ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে সুজন ফকির (৪৫) নামে এক মিশুক চালককে গলাকেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ফতুল্লার নয়াবাজার মুসলিম নগর এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।
নিহত সুজন নাটোরের গুরুদাসপুরের রামাগাড়ি এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি রকিবুজ্জামান জানান, শনিবার সকাল ৭টায় একটি ফোন পেয়ে বাসা থেকে বের হয় সুজন। তবে গ্যারেজ থেকে মিশুক বের করেনি। একটি গাড়িতে সুজনসহ ৩জন আসে নয়াবাজার মুসলিম নগর এলাকায়। সেখানে তিনজন মিলে সুজনকে হত্যা করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
ইত্তেফাক/ইআ
