‘কাছের লোকদের সাক্ষী বানিয়ে প্রমোদতরিতে অভিযানে যায় এনসিবি’

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২৩:১৩

মাদক মামলায় বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এখন জেলে। আগামী বুধবার তার জামিন আবেদনের বিষয়ে আদেশ দেবে মুম্বাইয়ের দায়রা আদালত। এর মধ্যে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো বা এনসিবি কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কয়েকটি ছবি প্রকাশ করে শাহরুখের ছেলের মামলার তদন্তকারী এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি বলেছেন, এনসিবি কর্মকর্তারা পরিচিত বা কাছের লোকদের সাক্ষী হিসেবে সঙ্গে নিয়ে অভিযানে যায়।

একটি ছবি দেখিয়ে নবাব মালিক বলেন, ছবির ব্যক্তির নাম ফ্লেচার প্যাটেল। তার সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বোন জ্যাসমিন। সমীর ওয়াংখেড়ের সঙ্গে ফ্লেচারের অন্য একটি ছবি দেখিয়ে তার দাবি, সমীর ও ফ্লেচার একে-অপরের পূর্বপরিচিত। সেই ফ্লেচারকেই মাদক মামলায় সাক্ষী করেছে এনসিবি। নবাবের প্রশ্ন, এনসিবি কর্মকর্তারা কীভাবে তাদের ঘনিষ্ঠ লোকজনকে মামলার সাক্ষী হিসেবে দেখাচ্ছেন?

গত সপ্তাহে নবাব মালিক কয়েকটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছিলেন, গত ২ অক্টোবর প্রমোদতরীতে মাদক মামলায় আটকের পর তিন জনকে অভিযান শেষে ছেড়ে দেওয়া হয়েছিল। এনসিবির সঙ্গে বিজেপি ঘনিষ্ঠতার দাবি তুলে নবাব অভিযোগ করেছিলেন, অভিযান শেষে এনসিবির সমীর ওয়াংখেড়ে বলেছিলেন ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে। কিন্তু সেদিন মোট ১১ জনকে আটক করা হয়। ঋষভ সচদেবা, প্রতীক গাবা ও আমির ফার্নিচারওয়ালা নামে তিন জনকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে নবাবের অভিযোগ করা ঋষভ সচদেবা এক বিজেপি নেতার আত্মীয়। সঠিক তথ্য প্রকাশ্যে আনতে মুম্বাই পুলিশকে দিয়ে তদন্তেরও দাবি করেন নবাব।