সিলেটে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২৩:২০

সিলেট জেলা ও মহানগরের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে  ও প্রতিবাদে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শনিবার সন্ধ্যায় রাস্তায় নামে  সিলেট ছাত্রলীগের একাংশ।

তারা নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে সিলেটের ছাত্রলীগ নিহত ও অছাত্র নিয়ে সিলেট ছাত্রলীগের কমিটি মানি না-মানবো না ও পকেট কমিটি মানি না-মানবো না ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

এর আগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে চৌহাট্টায় আসেন সিলেট ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীরা। প্রায় চার বছর পর গত ১২ অক্টোবর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

সিলেট জেলা ছাত্রলীগের নতুন সভাপতি করা হয় মো. নাজমুল ইসলামকে ও সাধারণ সম্পাদক করা হয় রাহেল সিরাজকে। অন্যদিকে, সিলেট মহানগর ছাত্রলীগের                 সভাপতি করা হয় কিশোয়ার জাহান সৌরভকে ও সাধারণ সম্পাদক করা হয় নাঈম হাসানকে।

কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণার পর সভাপতির পদ পাওয়া দুটি বলয়ে উচ্ছ্বাস দেখা দিলেও ক্ষোভ দেখা দেয় সিলেট ছাত্রলীগের অন্য বলয়গুলোতে।

ফলে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে সিলেট ছাত্রলীগে। টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তোলেন সিলেট জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি শাহারিয়ার আলম সামাদ।