গণতান্ত্রিক আন্দোলনের দৃষ্টি সরাতে সরকার চক্রান্ত করছে

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২৩:২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তাদের এজেন্টের মাধ্যমে কুমিল্লায় পূজামণ্ডপে ঘটনা ঘটিয়ে বিভিন্ন স্থানে দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের লোকেরা ভেঙে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের দৃষ্টি অন্যদিকে সরাতে সরকার চক্রান্ত করছে। দেশের জনগণকে সংঘটিত করে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।     নগরীর কাজির দেউড়ির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল আরো বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের ফর্মূলা আওয়ামী লীগই প্রথম দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি নির্বাচন হয়েছে। এসব নির্বাচন নিয়ে কোনো অভিযোগ উঠেনি। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। দেশে একদলীয় শাসন কায়েম করেছে। লকডাউনের সময় সব ধরনের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সরকারের প্রণোদনা টাকা শুধু আওয়ামী লীগের ব্যবসায়ীরা পেয়েছে। প্রতিটি জায়গায় আজ লুটপাট হচ্ছে। লুটপাটের টাকায় আওয়ামী লীগের লোকেরা তাজা হচ্ছে। মির্জা ফখরুল আরো বলেন, বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ৩৫ লাখ মামলা দেওয়া হয়েছে। ৫০০ জনকে গুম করা হয়েছে।

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবে রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, আবু সফিয়ান, আবুল হাশেম বক্কর, এ এম নাজিম উদ্দিন, মোশারফ হোসেন দীপ্তি, এম এ আজিজ প্রমুখ।