লক্ষ্মীপুরের রায়পুরে সন্তানদেরকে পুকুরে সাঁতার শিখাতে গিয়ে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. কাজি মফিজুর রহমান (৪৪) নামের বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক ইউং কমান্ডারের (পাইলট) মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার মধ্য কেরোয়া গ্রামের কাজি বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত কাজি সিদ্দিকুর রহমানের তৃতীয় সন্তান। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মৃত পাইলট মফিজুর রহমানকে দুপুর আড়াইটার দিকে তার ঢাকাস্থ বসুন্ধরা গ্রীন সিটির বাসায় নেওয়া হয়েছে। মফিজুর রহমান লক্ষ্মীপুর-২ রায়পুরের সাবেক সংসদ সদস্য কুয়েতের কারাগারে বন্দি কাজি শহীদ ইসলাম ও সাবেক তথ্যসচিব কাজি নাজমুল আলম সিদ্দিকির চাচাতো ভাতিজা বলে জানা যায়।
মৃতের স্বজন কাজি ফরিদ হোসেন ও কাজি এরফান জানান, মফিজুর রহমান ১৯ বছর চাকরি জীবন শেষে স্বেচ্ছায় অবসর নেন। গত দুই বছর বেসরকারি একটি বিমানের পাইলট হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রতিবারের মতো এবারও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ছুটিতে মধ্য কেরোয়া গ্রামের কাজি বাড়িতে বেড়াতে আসেন ।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে একই এলাকার সাত জন অসহায় পরিবারকে সেলাই মেশিন দান করেন। নিজেদের বাড়ির পুকুরে ছেলে ও মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন। এ সময় বুকে হঠাত্ ব্যথা উঠে অসুস্থ হয় পুকুরে ডুবে যান। তখন ছেলেমেয়ের চিত্কারে স্বজনরা এগিয়ে গিয়ে মফিজকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেন। পরে কর্তব্যরত ডাক্তার তাহমিনা মফিজকে মৃত ঘোষণা করেন।
রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন বলেন, বেসরকারি বিমানের পাইলট মফিজুর রহমান ভালো লোক ছিলেন। তার করুণ মৃত্যুতে পরিবারের সঙ্গে আমরাও শোকাহত।
