শেকৃবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৭:১৫

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৬.৫৮ শতাংশ।

রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে শিক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে কারো কাছে কোনো ডিভাইস আছে কিনা যাচাই করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। এতে ৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৮২৯ জন অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ডিন এবং অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার শেকৃবি অংশের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে, কোন বিশৃঙ্খলা হয়নি। আজ বিজ্ঞান বিভাগের পরীক্ষা ছিল। উপস্থিতির হারও সন্তোষজনক। আগামী ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর গুচ্ছ ভর্তির আরও দুইটি পরীক্ষা হবে। আশা করি সবকিছু স্বাভাবিকভাবে হবে।

ইত্তেফাক/এমএএম