একুশে বইমেলায় এসেছে মাহবুব-উল আলম চৌধুরীর লেখা উপন্যাস ‘একজন স্বপ্নযাত্রী’। উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে ভাগ্যের ফেরে বোহেমিয়ান বনে যাওয়া এক যুবককে ঘিরে। কাহিনীর পরতে পরতে আছে তার এবড়োখেবড়ো পথের যাত্রার কথা।
উত্থান আর পতনে কী ভীষণ আলোড়িত হতে পারে একটি মানবসত্তা, তাও বিবৃত হয়েছে এতে। জীবনের রুঢ় বাস্তবতার রোষানলে পড়েও কীভাবে সততার সঙ্গে টিকে থাকতে হয়, কীভাবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত জয়ী হওয়া যায় তার এক অসাধারণ শিক্ষাও আছে।
উপন্যাসে এসেছে ধর্মের কথা। এসেছে দর্শন আর রাজনীতির কথাও। উপন্যাসে সবচেয়ে বড় পাওনা ছিল, বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। মহান মুক্তিযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ।
বইটি প্রকাশিত হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। প্রচ্ছদ করেছেন সমর মজুমদার। পাওয়া যাবে প্যাভিলিয়ন -১৯ এ। মুদ্রিত মূল্য ১৮০ টাকা।
ইত্তেফাক/কেকে
