গত সপ্তাহ জুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে চলে আসায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটিও দখল করেছে ব্যাংক খাতের এ প্রতিষ্ঠানটির শেয়ার। সপ্তাহ জুড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা। অন্যদিকে, কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহ জুড়ে বেড়েছে ২৯ দশমিক ৫১ শতাংশ। টাকার অংকে বেড়েছে ৭ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩১ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৪ টাকা ৪০ পয়সা। কোম্পানিটি চলতি বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালের সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের সাড়ে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। গেল সপ্তাহ জুড়ে এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৪ দশমিক ৫৮ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং। সপ্তাহ জুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩১ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা ইস্টার্ন লুব্রিকেন্টের ১৯ দশমিক ৫৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৬ দশমিক ৫৫ শতাংশ, ফরচুন সুজের ১৩ দশমিক ৭১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩ দশমিক ৭৩ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১২ দশমিক ৯৯ শতাংশ এবং আমান ফিডের ১২ দশমিক শূন্য ১ শতাংশ দাম বেড়েছে।
