স্টাফ রিপোর্টার, রাজশাহী
অবশেষে খুলে দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো। দীর্ঘ ১৯ মাস পর শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে আবাসিক হলসমূহে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের বরণ করেন। এ সময় তাদের গোলাপ ফুল, হ্যান্ড স্যানিটাইজার, চকলেট ও মাস্ক উপহার দেন উপাচার্য। এরপর সকল আবাসিক হলে শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘদিন পর আবাসিক হলগুলো খুলে দেওয়ায় উত্ফুল্ল শিক্ষার্থীরা। রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুল আহাদ বলেন, দীর্ঘ বিরতির পর হলে উঠতে পেরে অনেক আনন্দ লাগছে। ক্যাম্পাসের ভেতরে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে রাবির উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, দীর্ঘ বন্ধের পর শিক্ষার্থীরা হলে ফেরায় আমরা আনন্দিত। শিক্ষার্থীদের বরণ করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। যারা টিকা নিতে পারেনি, তাদের জন্য ক্যাম্পাসেই করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে। কেউ আক্রান্ত হলে আইসোলেশনের জন্য হাসপাতালের শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ডেডিকেটেড অ্যাম্বুলেন্স ও পর্যাপ্ত অক্সিজেন সংরক্ষণ করা হয়েছে। করোনা মহামারিতে তৈরি হওয়া একাডেমিক গ্যাপ পূরণ করতে শিক্ষা পরিষদের সভায় আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপাচার্য।
সরজমিনে দেখা যায়, আবাসিক হলগুলো খোলার পর শিক্ষার্থীদের হাত স্যানিটাইজ করতে হলের সামনে বেসিন বসানো হয়েছে। হলগুলো রং করা হয়েছে। আশ-পাশের এলাকা পরিষ্কার করা হয়েছে। আবাসিক হলগুলোর পানি ও বিদ্যুতের লাইন সংস্কার হয়নি। কক্ষের ভেতরের কাজ ও বড় বাজেটের কাজের দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ।
জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান জানান, হলে উঠতে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হচ্ছে। প্রবেশপথে টিকা নেওয়ার প্রমাণপত্র ও হল কার্ড দেখাতে হচ্ছে। শিক্ষার্থীদের হলে ওঠার জন্য মাস্ক ব্যবহারসহ অবশ্য পালনীয় ১০টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আবশ্যিকভাবে মশারি টানিয়ে ঘুমাতে হবে। উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হল। ঐ দিন থেকে ক্লাসও বন্ধ রয়েছে। আগামী ২১ অক্টোবর থেকে ক্লাসসমূহ শুরু হবে।
