সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:২৭

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে রবিবার সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রাজশাহী : রাজশাহীর মোহনপুরে সিএনজির ধাক্কায় চার্জার ভ্যানের যাত্রী আব্বাস আলী আলাল (৬০) মারা গেছেন। ভোর ৬টার দিকে উপজেলার মৌগাছি পান বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তিনি মৌগাছি হাটে পান বিক্রি করে চার্জার ভ্যানে বাড়ি ফিরছিলেন। মোহনপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাপায় শাফিয়া বেগম (৫৫) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভিক্ষুক শাফিয়া বেগমকে রাস্তা পারাপারের সময় সিলেট অভিমুখী বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার ঘোষ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুর : মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ইম্প্যাক্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়  শিশুসহ আরো চার জন। হতাহতরা ভ্যানযোগে মুজিবনগর উপজেলার দিকে যাচ্ছিল। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ইম্প্যাক্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো ভ্যানে ধাক্কা দেয়। এ সময় হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার হোসেন মারা যান। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাটগ্রাম (লালমনিরহাট) : পাটগ্রামের জোংড়া ইউনিয়নের ইসলামনগর জুম্মারপাড় পাকা রাস্তায় বেলা ১১টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুয়াজ্জিন আজিজুল ইসলাম (৬০) মারা গেছেন। এ সময় চালক ইউসুফ আলী আহত হন। তারা দুজন মোটরসাইকেলে করে লালমনিরহাট জেলা সদরে যাচ্ছিলেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।