ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৫টির বা ১২ দশমিক ২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২২ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৯০ টাকা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৯ দশমিক ০৪ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৮ দশমিক ২২ শতাংশ, সোনালী পেপারের ৭ দশমিক ১০ শতাংশ, সুহূদের ৬ দশমিক ৭৭ শতাংশ, আইএফআইসির ৫ দশমিক ০৫ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ০২ শতাংশ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৩ দশমিক ৭৬ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩ দশমিক ৪৩ শতাংশ এবং এবি ব্যাংকের শেয়ার দর ৩ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।
