জোর করে ১২ বছর আগে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল অধ্যক্ষ তোফাজ্জল হোসেন আখন্দকে। আদালতের নির্দেশে তার অধ্যক্ষের চেয়ার ফিরিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতির প্রতিনিধি মো, তরিকুল ইসলাম। ১২ বছর পর চাকরি ফিরে পেয়ে অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন আখন্দ আনন্দাশ্রু নয়নে বলেন, ‘আমার কারো প্রতি রাগ বা ক্ষোভ নেই। আমাকে জবরদস্তি বঞ্চিত করা হয়েছিল, আদালত তা ফিরিয়ে দিয়েছে, এতে আমি খুশি।’
উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীপুর ডিগ্রি কলেজে (যা পরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ নামে রূপান্তরিত হয়) অফিস চলাকালীন অধ্যক্ষ তোফাজ্জল হোসেন আখন্দকে অপমান-অপদস্ত করে জোরপূর্বক বের করে দিয়ে একই কলেজের প্রভাষক নুরুন্নবী আকন্দ স্থানীয় এমপির আশীর্বাদপুষ্ট হয়ে প্রিন্সিপাল ইন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিতাড়িত অধ্যক্ষ আদালতের শরণাপন্ন হলে আদালত দীর্ঘ সওয়াল-জওয়াব ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেয়। গত বৃহস্পতিবার রায়ের কপি পেয়ে অধ্যক্ষ তোফাজ্জল হোসেন আখন্দ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন। পরে অধ্যক্ষের যোগদানপত্র ইউএনও গ্রহণ করেন।
