আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির নাম্বার ওয়ান পৃষ্ঠপোষক। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ-শেখ রাসেল’ শীর্ষক আলোচনাসভা এবং শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, দরিদ্র তহবিলে অনুদান ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভাপতির বক্তৃতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ত্রাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর পরিচালায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল হালিম।
