মাধবপুরে পৃথক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত, আহত হয়েছেন দুই জন। রবিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগানের তিন বাংলো নামক স্থানে এক দুর্ঘটনা ঘটে। অপর দুর্ঘটনা ঘটে আড়াইটায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের গোয়াছনগর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা চা-বাগানের তিন বাংলো নামক স্থানে বিপরীতমুখী দুইটি দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোজাম্মেল হক (২১) নামে এক যুবক নিহত হন। তিনি চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের আব্দুল হকের পুত্র। অজয় রায় (২০) মাধবপুর হাসপাতালে যাওয়ার পথে মারা যান। তিনি মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্যাস ফিল্ড এলাকার গোপাল রায়ের পুত্র। গুরুতর আহত দুই জনের মধ্যে জয় দেবকে (২১) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ এবং অনিক বিশ্বাসকে (১৮) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুর্ঘটনা ঘটে আড়াইটায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের গোয়াছনগর এলাকায়। বিপরীতমুখী দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র ইফতিকার আহম্মেদ (৩৬) ঘটনাস্থলে মারা যান। মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজারের হোমিও ডাক্তার শাহজাহান মিয়া ছেলে তারেক মিয়াকে (২৭) মাধবপুর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
