ডাচদের হারাতে মরিয়া আইরিশরা

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২৩:০০

আয়ারল্যান্ড

বনাম

নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

কয়েক মাস আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছে আয়ারল্যান্ড। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই মিশন শুরু করতে যাচ্ছে তারা। আবুধাবি স্টেডিয়ামে মাঠে নামার আগে এ গ্রুপে থাকা আইরিশদের অতীত ইতিহাস অবশ্য সুখকর নয়। কেননা ডাচদের কাছে শেষ দুই বিশ্বকাপে হারের মুখ দেখেছে। তাই পিটার সিলারের জন্য এবারের লড়াইটা প্রতিশোধের।

২০১৪ বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডকে অবিশ্বাস্যভাবে হারায় নেদারল্যান্ডস। ১৪ ওভারেই  ১৯০ রান তাড়া করে সুপার টেন নিশ্চিত করে ডাচরা। ২০১৬ বিশ্বকাপে ধর্মশালায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় পায় ১২ রানে। তবে এবার আর একই ফলের পুনরাবৃত্তি হতে দিতে চান না আইরিশ অলরাউন্ডার জশ লিটল।

তিনি বলেন, ‘প্রথম ম্যাচ আমাদের নেদারল্যান্ডসের বিপক্ষে। গত গ্রীষ্মে ওয়ানডে সিরিজ হারার পর তাদের হারাতে মরিয়া হয়ে আছি আমরা। খুব ভালো একটা ম্যাচ হবে। আশা করি আমরা তাদের হারাতে পারব।’

আইরিশদের নির্ভরতা বেশি থাকবে পল স্টারলিংয়ের। ব্যাট হাতে দুর্দান্ত ফরমে আছেন এ ওপেনার। তাছাড়া কেভিন ও’ ব্রায়েন, সিমি সিং, অধিনায়ক অ্যান্ডি বালবার্নি, হ্যারি ট্যাক্টররা জ্বলে উঠলেও তো কথাই নেই। তবে ছেড়ে কথা বলবে না নেদারল্যান্ডসও। আইরিশদের বিপক্ষে ১২ ম্যাচের ৭টিতেই জয়ের স্বাদ পেয়েছে বাছাইপর্বের চ্যাম্পিয়নরা।

নিজের শেষ বিশ্বকাপে চমক দেখানোর জন্য প্রস্তুত হয়ে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট। তাছাড়া  বেন কুপার, ভ্যান ডার মারউই, সিলারের মতো ম্যাচ উইনাররা থাকায় সুপার টুয়েলভ নিশ্চিতে বেশ আত্মবিশ্বাসী দলটি।