>> ছাইফুল ইসলাম মাছুম
বাজেট নিয়ে সচেতনতা ও জাতীয় বাজেট সম্পর্কে তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার প্রত্যয় নিয়ে অ্যাকশন এইড-এর প্রজেক্ট ‘গণতান্ত্রিক বাজেট আন্দোলন’ ও ইউনিস্যাব বাংলাদেশের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাজেট অলিম্পিয়াড ২০১৮-এর ঢাকা আঞ্চলিক চূড়ান্ত বাছাইপর্ব। ঢাকা অঞ্চলের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শতাধিক বাজেট-সচেতন শিক্ষার্থীর অংশগ্রহণে গত ১৭ নভেম্বর সকাল ১০টায় পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এ সম্মেলন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এ আর আমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিসা-বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক সভাপতি মোহাম্মদ মামুন মিয়া। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাজেট অলিম্পিয়াডের আহ্বায়ক ড. এমএম আকাশ।
ড. এমএম আকাশ তার বক্তব্যে বলেন, বাজেট অলিম্পিয়াডের উদ্দেশ্য হলো আজকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা ভবিষ্যতে চাকরিজীবনে প্রবেশ করবে, নাগরিক হবে; তারা যাতে বাজেট সম্পর্কে সচেতন হয়ে ভালো বাজেট প্রণয়নে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বাংলাদেশের বাজেট ছয়শ কোটি টাকা দিয়ে শুরু হলেও বর্তমানে দেশে চার লক্ষ কোটি টাকার বাজেট প্রণয়ন হচ্ছে। এই বাজেটের টাকায় প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ রয়েছে। এখন সরকারের খেয়াল রাখতে হবে, যাদের থেকে আয় করছি, বাজেটে তাদের জন্য সঠিকভাবে ব্যয় করছি কি না। অনুষ্ঠানে নির্বাচিত ২৫ জন প্রতিযোগীকে সনদ প্রদানের মাধ্যমে বাজেট অলিম্পিয়াড আঞ্চলিক পর্বের সমাপ্তি হয়। ঢাকা আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ তাহসিন হোসেন, প্রথম রানার্স আপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকিব হোসেন, দ্বিতীয় রানার্স আপ হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের খুদিস্তা রোবাইয়াত। উল্লেখ্য, প্রথম পর্বের পর চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম থেকে মোট ১০০ জন নির্বাচিত প্রতিযোগীর সকলকে মূল পর্বে অংশগ্রহণ করতে হবে। এদের মধ্যে চ্যাম্পিয়ন, রানার্স আপদের যথাক্রমে ট্রফি, সার্টিফিকেট ও তাদের উপস্থাপনকৃত প্রকল্প বাস্তবায়নের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। বাজেট অলিম্পিয়াডে মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক, দ্য ডেইলি স্টার ও যমুনা টিভি।
ছবি :শোভন বর্মন
