গতকাল রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় ঠিকাদারদের অনুপস্থিতিতে ও গোপন লটারির মাধ্যমে পছন্দের তিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে এলজিইডি কার্যালয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে কার্যালয় জুড়ে। ঠিকাদারদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলামের সঙ্গে কাজ প্রত্যাশী ঠিকাদারদের চরম বাদানুবাদ হয়। বিক্ষোভের মুখে একপর্যায়ে নির্বাহী প্রকৌশলী গোপন লটারিতে পাওয়া কাজগুলো বাতিল করে পুনরায় লটারি করার ঘোষণা দেন।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার অভ্যন্তরে বিভিন্ন সড়ক সংস্কারের জন্য ৩৬টি দরপত্র আহ্বান করে এলজিইডি। বিকেল সাড়ে ৪টায় সভাকক্ষে ঠিকাদারদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করার কথা ছিল। অথচ এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম সকালে অফিসে এসে কম্পিউটার অপারেটর তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে দ্রুত পছন্দের তিন জন ঠিকাদারের মধ্যে লটারির মাধ্যমে কাজ দিয়ে দেন।
নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, গোপন লটারিতে দেওয়া কার্যাদেশ বাতিল করে পুনরায় সব ঠিকাদারের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হবে।
