ডাকটিকিটে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৯:৪৭

গতকাল রবিবার থেকে ওমানে শুরু হয়েছে ৭ম আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপের প্রথম পর্ব। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ হলো সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ১৪ নভেম্বর শেষ হবে খেলা। 

১৬টি দেশ অংশগ্রহণ করছে। তার মধ্যে ৮টি দল—ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি পর্বে খেলবে এবং অপর ৮টি দল—বাংলাদেশ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া, স্কটল্যান্ড, পাপুয়ানিউগিনি ও ওমান প্রথম পর্বে অংশ নেবে। প্রথম পর্বের ৮টি দল থেকে ৪টি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে এবং শেষ পর্যন্ত ১২টি দল মূল পর্বে অংশগ্রহণ করবে। মূল পর্বের খেলা সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ২৩ অক্টোবর এবং ১৪ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ওমানে।

এবার একটু পেছন ফিরে তাকাই। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসর বসে দক্ষিণ আফ্রিকায় এবং শিরোপা লাভ করে ভারত। ২০০৯ সালে দ্বিতীয় আসর বসে ইংল্যান্ডে এবং শিরোপা অর্জন করে পাকিস্তান। তৃতীয় আসর বসে ওয়েস্ট ইন্ডিজে ২০১০ সালে এবং শিরোপা লাভ করে ইংল্যান্ড। ২০১২ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত চতুর্থ টি-২০ বিশ্বকাপে শিরোপা অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে পঞ্চম আসর অনুষ্ঠিত হয় বাংলাদেশে এবং শিরোপা অর্জন করে শ্রীলংকা। ষষ্ঠ আসর বসে ভারতে এবং শিরোপা অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা

টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ওপর এপর্যন্ত ৪টি ডাকটিকিট প্রকাশিত হয়েছে, যার মধ্যে ৩টি ডাকটিকিট বাংলাদেশের এবং অপরটি নেপালের। প্রথম টি-২০ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিটি ৪ টাকা মূল্যমানের দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে, যার ডিজাইনার সাঈদ বিন সালাম (তুহিন)। ২০১০ সালের ২২ এপ্রিল তৃতীয় টি-২০ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে বাংলাদেশ ১৫ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে, যার নকশা করেন আমিনুল হক মল্লিক। সর্বশেষ নেপাল ২০১৪ সালের ৯ ডিসেম্বর পঞ্চম বিশ্বকাপ উপলক্ষ্যে ২ রুপি মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। এছাড়া ক্রিকেটভক্ত ডাকটিকিট সংগ্রাহকরা এপর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক প্রাইভেট কভার প্রকাশ করেছে।

এবছর বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) একটি আকর্ষণীয় প্রাইভেট কভার প্রকাশ করবে। সংশ্লিষ্ট বিষয়ে বিসিসিবি উদ্যোগ গ্রহণ করলে এবছরও হয়তো ডাক বিভাগ ডাকটিকিট প্রকাশ করত। তবে হ্যাঁ ক্রিকেট বিষয়ে ডাকটিকিট প্রকাশের জন্য কোনো সময়েই বিসিসিবি উদ্যোগ গ্রহণ করেনি।

পরিশেষে, টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সাফল্য কামনা করছি।

ইত্তেফাক/কেকে