জার্মানিতে সেরা ‘রিকশা গার্ল’

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২০:১১

 বিনোদন রিপোর্ট

 

গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ ছবিটি নিয়ে শুরু থেকেই প্রশংসা কুড়াচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিল ভ্যালি চলচ্চিত্র উত্সবে ছবিটি প্রদর্শনীর পর দর্শক প্রতিক্রিয়াও ছিল লক্ষ্য করার মতো। সে সময় নির্মাতা জানিয়েছিলেন ছবিটি শিগগিরই দেশে মুক্তি দেওয়া হবে। তার আগেই ছবিটির ঝুলিতে জমা হলো একটি আন্তর্জাতিক পুরস্কার।

জার্মানিতে অনুষ্ঠিত ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ২০২১-এ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রিকশা গার্ল’ সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে। গত ১৬ অক্টোবর রাত ১০টায় এই পুরস্কারের ঘোষণা দেওয়া দিয়েছে আয়োজকরা। খবরটি নিশ্চিত করে ছবিটির নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান সকাল বলেন, ‘শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে রিকশা গার্ল সেরার পুরস্কার পেয়েছে, এটা সত্যি অনেক আনন্দের।’

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই উত্সবে ৭৭টি পূর্ণদৈর্ঘ্য এবং ১১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করে। তার মধ্য থেকে উত্সব সেরার পুরস্কার জিতলো ‘রিকশা গার্ল’।

মিতালি পারকিনসের কিশোর উপন্যাস ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী নভেরা রহমান, মোমেনা চৌধুরী চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।