দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘খলনায়ক’। মেঘকে সাহায্য করবার জন্য মেঘের বয়ফ্রেন্ড সাজে রুমী। মেঘের বাবা মেয়ের ভালোর জন্য মাহমুদের সাথে মেঘের বিয়ে ভেঙে দেন। মেঘ স্বস্তিতে হাঁপ ছাড়তে না ছাড়তেই জানতে পারে তার বাবা রুমীর সাথে তার এনগেজমেন্ট করে ফেলতে যাচ্ছে। রুমী-মেঘ দু’জনই প্যাঁচে পড়ে যায়। পরিবারের সদস্যদের ভালো রাখবার জন্য এনগেজমেন্টে রাজি হয় দু’জন। কিন্তু এনগেজমেন্টের অনুষ্ঠানে বিয়ে দেওয়ার কথা উঠলে মেঘ ভয় পেয়ে রুমী টাকার জন্য এসব করছে বলে জানায়। জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনা এবং ফিরোজ কবীর ডলারের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, ইশানা খান, সানজিদা তন্ময়, ফজলুর রহমান বাবু প্রমুখ।
