ভালোবাসার ৪ নাটক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫

ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন চ্যানেল প্রচার করে থাকে অসংখ্য নাটক-টেলিফিল্ম। এবারও তার ব্যত্যয় ঘটবে না। ভালোবাসার ভিন্ন গল্প নিয়ে নির্মিত উল্লেখযোগ্য চারটি নাটক নিয়ে এবারের আয়োজন। লিখেছেন অজেয় চৌধুরী

লাক্সতারকা মেহজাবিন চৌধুরী এবারের ভালোবাসা দিবসের জন্য ব্যতিক্রমী গল্প নিয়ে নির্মিত নাটক ‘মিস আন্ডারস্ট্যান্ডিং’-এ অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাহমুদুর রহমান হিমি। নাটক প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘এই নাটকের গল্পে দর্শক কিছুটা হলেও নতুনত্ব পাবেন। আমি সবসময় ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই যা দর্শকের কাছেও যেন নতুন মনে হয়। “মিস আন্ডারস্ট্যান্ডিং” ঠিক তেমনি একটি নাটক। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’ নাগরিক টিভিতে আজ রাত ১০টায় এই নাটক প্রচারিত হবে। এদিকে, অর্ণব ও তন্ময় দুজনই ইউনিভার্সিটির খুব কাছের বন্ধুু। তন্ময় ভালোবাসে আনিকাকে। তন্ময় পড়ালেখার জন্য যখন দেশের বাইরে চলে যাবে, তখন আনিকা অনেক অনুরোধ করে না যাওয়ার জন্য। কিন্তু তন্ময়কে তার বাবার অনুরোধে যেতে হয়। দেশের বাইরে থাকা অবস্থায় তন্ময় বিভিন্ন দিবসে অর্ণবকে দিয়ে আনিকার জন্য গিফট পাঠায়। এভাবে কয়েকদিন দেখা হওয়ার কারণে আনিকা ও অর্ণবের মাঝে এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়। এই সম্পর্ক যে কিসের সেটা আনিকা ও অর্ণব কেউ বুঝতে পারে না। আনিকার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে থাকা অবস্থায় অর্ণব আনিকার বাবাকে সেবা করে সুস্থ করে তোলে। অর্ণবের ব্যবহার দেখে আনিকার ওর প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়। যখন অর্ণব আনিকাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক তখন বিদেশ থেকে তন্ময় দেশে চলে আসে—এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের নাটক ‘থাকবে মনে’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা, আবু হুরাইয়া তানভীর, তামিম মৃধা প্রমুখ। আগামীকাল শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে। নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল এবারের ভালোবাসা দিবসের জন্য নির্মাণ করেছেন নাটক ‘ছুঁয়ে যাক বসন্ত’। এই নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন লাক্সতারকা মম ও অভিনেতা নাঈম। রোমান্টিক গল্পনির্ভর এই নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘জুয়েল ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। আগের চেয়ে নির্দেশনায় তিনি আরও অধিক যত্নশীল হয়েছেন। যে কারণে “ছুঁয়ে যাক বসন্ত”-এর নির্মাণশৈলীটা ভালো হয়েছে। যথারীতি আমার সহশিল্পী নাঈমের সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। কারণ নাঈম আমার ভালো একজন বন্ধু। তার সঙ্গে কাজ করার সময়টাতে শুধু কাজ নিয়েই যে আমাদের ব্যস্ততা থাকে তা নয়, সমসাময়িক অনেক প্রাসঙ্গিক বিষয় নিয়েও আমরা আলাপ করি। তাতে আমাদের সময়টাও অনেক ভালো কেটে যায়। “ছুঁয়ে যাক বসন্ত” নাটকে আমাদের দুজনের প্রাণবন্ত অভিনয় দর্শকের ভালো লাগবে।’ অপরদিকে বৈশাখী টিভির আয়োজনে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প’। এই স্লোগানে পরপর তিনটি নাটক প্রচার করবে চ্যানেলটি। নাটক তিনটি হলো রহিমা হোসেন বিউটির গল্পে মাবরুর রশীদ বান্নার পরিচালনায় ‘যে যেখানে দাঁড়িয়ে’, সঞ্জয় ধরের গল্পে অনম বিশ্বাসের পরিচালনায় ‘এই গল্পের শেষ নেই’ এবং সামিউর রশীদের গল্পে সাকিব ফাহাদের পরিচালনায় ‘ছন্দ ছাড়া গান’। এই নাটকগুলো দর্শকদের ভিন্ন মাত্রার বিনোদন দেবে।