খুবি সংবাদদাতা
করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে শুরু করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এদিন শুধু মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পেরেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, আগামী ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে প্রবেশ করতে পারবে। তবে হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে।
