শুধু নরসিংদীতেই ৩৩ হাজার লোকের কর্মসংস্থান করেছে প্রাণ-আরএফএল

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:৩৫

৪০ বছর পূর্তি উপলক্ষ্যে মতবিনিময় সভা

নিবারণ রায়, নরসিংদী প্রতিনিধি

পথ চলার শুরুর পর নরসিংদীতে তিনটি কারখানায় ৩৩ হাজার লোকের কর্মসংস্থান করতে সক্ষম হয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। এসব কারখানায় জনবলের ৯০ শতাংশ স্থানীয় যেখানে প্রায় ২০ হাজার নারী কর্মী কাজ করছেন। এছাড়া স্কুল, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে এ অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রাণ আরএফএল গ্রুপ। গতকাল সোমবার নরসিংদীর পলাশ উপজেলার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ আরএফএল গ্রুপের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক কমান্ডার (অব.) মো. শামছুল আলম মিয়া, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার তানুল ইসলাম, প্রাণ আরএফএল গ্রুপের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  কর্মকর্তারা জানান, নরসিংদী জেলা প্রাণ আরএফএল গ্রুপের জন্য অত্যন্ত আবেগের একটি জায়গা। এখান থেকে ক্ষুদ্র পরিসরে খাদ্য প্রক্রিয়াকরণ, কারখানা চালুর মাধ্যমে প্রাণ আরএফএল গ্রুপ আজ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি হতে পেরেছে এবং দেখতে দেখতে গ্রুপের ৪০ বছর অতিক্রম করে ফেলেছে।  আমরা সব সময়ই স্থানীয়দের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা বলেন, নরসিংদীতে আগামী দুই বছরের মধ্যে আরো ২ হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে। জানা গেছে, বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে প্রাণ-আরএফএল গ্রুপের পণ্যসামগ্রী সুনামের সঙ্গে রফতানি হচ্ছে। দেশের ১৩টি জেলায় প্রাণ আরএফএল গ্রুপের ফ্যাক্টরি রয়েছে।