দর হারানোর শীর্ষে মেঘনা মিল্ক

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২৪টির বা ৮৬ দশমিক ৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮০ টাকা। অর্থাত্ কোম্পানিটির শেয়ারের দর ১ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা কনডেন্স মিল্ক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ৮ দশমিক ৪৫ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭ দশমিক ৯২ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৭ দশমিক ৯০ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৭ দশমিক ৫৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৭ দশমিক ৩৭ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৭ দশমিক ২১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৬ দশমিক ৫৭ শতাংশ, আইএলএফএসএলের ৬ দশমিক ৩২ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ারদর ৫ দশমিক ৯০ শতাংশ কমেছে।