গানের বাজারে মন্দা হাওয়া বইছে। আগের মতো আর উত্সবকে ঘিরে জমে ওঠে না অডিও বাজার। এখন সিডি নেই, কোম্পানি ও শিল্পীদের তোড়জোড় নেই। গান নিয়ে ফেসবুক ও ইউটিউবকেন্দ্রিক প্রচারণা ও প্রকাশনা আছে কেবল মাত্র। এই ভালোবাসা দিবসকে ঘিরে রিলিজ হওয়া কয়েকটি গান নিয়ে এবারের আয়োজন। জানাচ্ছেন রফিকুল ইসলাম
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সম্প্রতি রিলিজ হয়েছে ‘পত্র মিতা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। এই গানে ডুয়েট কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শহীদ ও কলকাতার শুভমিতা। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন লুত্ফর হাসান। এর সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। মিউজিক ভিডিওর মডেল হয়েছেন অন্তু করিম ও আফ্রি। সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত এই গান প্রসঙ্গে শহীদ বলেন, ‘শুভমিতা দিদির সঙ্গে গানগুলো অনেকটাই ভিন্ন ধাঁচের হয়। সেই ধারাবাহিকতায় এই গানটিও ভিন্ন একটি কাজ হয়েছে। গানের কথা ও সংগীতায়োজনে বেশ ভালো একটি গান হয়েছে এটি। এরইমধ্যে শ্রোতাদের ইতিবাচক সাড়া পেয়েছি। সকলকে ভালোবাসা দিবসের উপহার এই গানটি।’
‘তুমি নেই’ শিরোনামে কণ্ঠশিল্পী সিঁথি সাহার মৌলিক নতুন গান প্রকাশিত হয়েছে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হওয়া এই গানটি লিখেছেন গৌরব মণ্ডল জন, সুর করেছেন সাঈদ তামিম এবং সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। মিউজিক ভিডিওটিতে সিঁথির সঙ্গে মডেল হয়েছেন এবিএম সুমন। গান প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘ভালোবাসা দিবসে প্রকাশের লক্ষ্যেই গানটি আমি গেয়েছি। গানটির কথা, সুর ও সংগীতায়োজন আমার কাছে এতে ভালো লেগেছে যে, নিজের গান নিজেই সারাক্ষণ গুনগুন করে গাই। এর আগে কোনো গানের ক্ষেত্রে এমন হয়নি। আশা করি গানটি শ্রোতা-দর্শকের দারুণ ভালো লাগবে।’
এবারই প্রথম অপুর কোনো গানের মিউজিক ভিডিও ভালোবাসা দিবসকে ঘিরে প্রকাশিত হলো। অপুর নিজের লেখা ও সুরে ‘যাবে না ছেড়ে’ শিরোনামের এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রিয়াংকা বিশ্বাস। এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অবাক ও হিমি। নির্মাণ করেছেন মাহিন আওলাদ। মিউজিক ভিডিও প্রসঙ্গে অপু বলেন, ‘গানটির কথা, সুর শ্রোতা-দর্শকের ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। মিউজিক ভিডিওটিও অসাধারণ হয়েছে।’
‘ভালোবাসার দিবসে’ শিরোনামে পার্থিব ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও আজ রিলিজ হবে। বঙ্গবিডিতে প্রচারিতব্য এই গানটির কথা লিখেছেন সুমনা শারমিন এবং সুর করেছেন রুমন। সংগীতায়োজনে পার্থিব। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নজরুল ইসলাম দেলগীর। আর এতে মডেল হয়েছেন লারা লোটাস ও সালাহউদ্দিন নেহাল।
