মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সোমবার আট জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইঞ্জিনচালিত একটি নৌকা ও ১০ কেজি মা ইলিশ।
জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল নদীর তীরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। পদ্মা নদীর মুন্সীগঞ্জের লৌহজং অংশে অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ তিন জনের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন। বাকি তিন জনকে ৫ হাজার টাকা করে এবং এক জনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন। এক জন অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ৫০ হাজার মিটার জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পদ্মার তীরে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশ ধরার কাজে ব্যবহূত একটি ইঞ্জিনচালিত নৌকা মাওয়া নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত মা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানের সার্বিক দায়িত্বে থাকা লৌহজং উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ এসব তথ্য দিয়ে জানান, বৈরী আবহাওয়ার মধ্যে অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নৌ-পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা ছিলেন।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা চলাকালে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জের মেঘনা ও পদ্মা নদীসহ পার্শ্ববর্তী নদীগুলোতে অভিযান চালিয়েছে বলে জানায় জেলা মত্স্য অফিস।
