দোহারে নিখোঁজ দুই যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:১৪

ঢাকার দোহার উপজেলার ঘাটা গ্রামের সাইদুল মৃধা ও সোহেল নামে নিখোঁজ দুই যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তাদের পরিবার ও এলাকাবাসী। দীর্ঘ ছয় মাস যাবত্ ঐ দুই যুবক নিখোঁজ রয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।

অচিরেই নিখোঁজ সাইদুল ও সোহেলের সন্ধান এবং মামলার আসামিদের গ্রেফতাদের দাবি জানান মানববন্ধনকারীরা। এসময় তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় সাইদুলের বাবা বাবুল মৃধা ও মা রাজিয়া বেগম জানান, সাইদুল ও প্রতিবেশী সোহেলকে গত ২০ এপ্রিল সুতারপাড়ার চঞ্চল মোল্লা ও সাজ্জাত মোল্লা কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। তাদের বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে সাইদুলের মা ২৩ এপ্রিল দোহার থানায় জিডি করেন। এ ঘটনায় আবার গত ৫ সেপ্টেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোহার আমলি আদালতে সাজ্জাত মোল্লা ও চঞ্চল মোল্লাকে আসামি করে মামলা করেন সাইদুলের মা। পরবর্তীতে আদালতের নির্দেশে দোহার থানায় মামলা রেকর্ড হয়। কিন্তু এখনো নিখোঁজ দুই যুবককে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে দাবি সাইদুলের পরিবারের।