ভালোবাসা নিয়ে রাজু আলীম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩০

 অ জে য়  চৌ ধু রী

 

কবি, লেখক, নির্মাতা বা পরিচালক হিসেবে রাজু আলীম পরিচিত। তার রচিত কবিতার মধ্যে প্রেমের কবিতাই বেশি। এমনকি তার নাটক, গল্প ও উপন্যাসেও রয়েছে ভালোবাসার আধিক্য। ‘ভালোবাসার নীল ময়ূরী’ তার প্রথম প্রেমের উপন্যাস। গল্পের বই ‘আহ্ প্রজাপতি’; সেটাও ভালোবাসার। প্রথম কবিতার বই ‘সবার উপরে শরীর সত্য’ তাও প্রেমেরই। ‘দুরন্ত পাখির ঘ্রাণ’, ‘অফিস স্পাউস’, ‘নির্বাচিত দুঃখ কষ্ট’ ও ‘আকাশ জলের প্রেমিক’ সব বই-ই প্রেমের কবিতার। সবশেষ এই বইমেলায় বেরিয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে ভালোবাসার কবিতার বই নির্বাচিত প্রেম। অন্যান্য বইয়ের মধ্যে ‘হূদয়ে বঙ্গবন্ধু’, ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’, ‘তরুণ প্রজন্মের জয়’—এই বইগুলোও বিশেষ প্রেমের। জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটেছে লেখকের এই বইগুলোয়। এছাড়া তার আরও একটি কবিতার কার্ড বের হয়েছে ‘এক পকেট প্রেম চকলেট’। তার যতগুলো প্রেমের কবিতার বই প্রকাশিত হয়েছে তা আর এখন বাজারে পাওয়া যায় না। শুধু ‘নির্বাচিত দুঃখ কষ্ট’, ‘নির্বাচিত প্রেম’ এবং ‘আকাশ জলের প্রেমিক’ এখন পাওয়া যাচ্ছে। মিডিয়ায় কাজ করতে গিয়ে রাজু আলীম যতগুলো নাটক-টেলিফিল্ম লিখেছেন, পরিচালনা করেছেন বা নাট্যরূপ দিয়েছেন তার একশত ভাগেই প্রেমের গল্প ও ভালোবাসার ছোঁয়া আছে। প্রথম তার লেখা চার পর্বের প্রেমের নাটক ‘সে এক রহস্যময়ী’ প্রচারিত হয়েছিল চ্যানেল আইতে। এরপরে ‘ধন্যবাদ হে ভালোবাসা’ এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল ভালোবাসার নাটক হিসেবে। আর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে বিভিন্ন লেখকের গল্প ও উপন্যাস থেকে তার নাট্যরূপে শামসুর রাহমানের ‘এলো সে অবেলায় থেকে বৃষ্টির ফুল’ ও সৈয়দ শামসুল হকের তিনটি কাহিনি নিয়ে ‘নিষিদ্ধ লোবান’, ‘এক চিমটি জোছনা’ ও ‘এক চিমটি ভালোবাসা’। আর তার টেলিফিল্মের মধ্যে আছে হিমেল আশরাফের পরিচালনায়  ‘ভালোবাসার ঘ্রাণ’। এই নাটকে অভিনয় করেছেন মীম ও সজল। তার ‘সেলিব্রিটি সেভেন্টি ওয়ান’ আরেকটি ভালোবাসার নাটক। তার এই নাটকে অভিনয় করেছেন জয়া আহসান ও সজল। এটি মশিউল আলমের নাট্যরূপে এবং হিমেল আশরাফের পরিচালনায় নির্মিত হয়। রাজু আলীম তার টেলিফিল্ম ‘মাছরাঙা মেয়েতে’ অভিনয়ও করেছেন। এই টেলিফিল্মে আরও অভিনয় করেছেন শামস সুমন ও রোকেয়া প্রাচী। চ্যানেল আইয়ে হুমায়ূন আহমেদের জন্মদিনে তার কাহিনি নিয়ে রাজু আলীম নির্মাণ করেন প্রেমের নাটক ‘রুপার জন্য ভালোবাসা’। হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল ও আহসান হাবীব—তিন ভাইয়ের গল্প নিয়ে ভালোবাসার নাটক নির্মাণ করে অনন্য নজির স্থাপন করেন রাজু আলীম। রাবেয়া খাতুনের ‘কদম ফল মেয়ে’ এবং রাহাত খানের ‘নারী’ও রাজু আলীমের ভালোবাসার নাটক। সব মিলিয়ে তিনি এই পর্যন্ত ৪১টি নাটকের লেখা, নির্দেশনা, অভিনয় ও নাট্যরূপ দিয়েছেন। ভালোবাসার কাঁধে ভর দিয়ে এভাবে এগিয়ে চলেছেন তিনি।