শিশুদের উপস্থিতিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাবের মাঠ সোমবার সকাল থেকেই ছিল মুখরিত। সবার হাতে ছিল রং-তুলি আর স্কেচবোর্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ‘শহিদ শেখ রাসেল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২১’ এ অংশ নিতে তারা এসেছিল। এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও পঞ্চম শ্রেণির প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সালেহ জামান সেলিম ও ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, সহকারী বিচারক ছিলেন শহিদ আনোয়ার উচ্চ বিদ্যাললের চারুকলা শিক্ষক শেখ ফারহানা টুম্পা এবং তরুণ শিল্পী ও কালের কণ্ঠের কার্টুনিস্ট প্রসূন হালদার। —প্রেস বিজ্ঞপ্তি
