রে জা উ ল ক রি ম খো ক ন
খুব কম বয়সেই বলিউডি তারকা-দৌড়ে বেশ এগিয়ে গেছেন আলিয়া ভাট। তার বয়স মাত্র ২৫ চলছে। অথচ খ্যাতি, জনপ্রিয়তা, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি অর্জন করে অনেক সুবিধাজনক অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছেন। অভিনীত প্রায় প্রতিটি সিনেমায় আলিয়া অভিনয়ে নতুন নতুন চমক নিয়ে আবির্ভূত হচ্ছেন। তাকে দিয়ে যেকোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো যায়। ক্যারিয়ারের শুরু থেকে তার অভিনীত চরিত্রগুলোতে বৈচিত্র্যের নানা মাত্রা প্রত্যক্ষ করছেন সবাই। গতানুগতিক রোমান্টিক সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ একজন কলেজ ছাত্রীর চরিত্রে রূপদানের মাধ্যমে বলিউডে আলিয়ার পথচলা শুরু হয়েছিল। প্রথম অভিনীত সিনেমাতেই চমত্কার প্রাণবন্ত পর্দা উপস্থিতির মাধ্যমে বাজিমাত করেছিলেন মহেশ ভাট তনয়া। এরপর তাকে ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘শানদার’, ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতো বাণিজ্যিক ধারার সিনেমায় যেমন দেখা গেছে; তেমনি ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘উড়তা পাঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘রাজি’র মতো ভিন্ন ধারার সিনেমাতেও দেখা গেছে চ্যালেঞ্জিং রোলে। আলিয়ার অনবদ্য অভিনয় প্রমাণ করে তিনি বলিউডে শুধু গ্ল্যামারাস নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে আসেননি, এখানে তিনি সুঅভিনয়ের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে এসেছেন। খুব কম সময়ের মধ্যে বলিউডে নিজের অবস্থানকে সুসংহত করতে পেরেছেন আলিয়া। হিন্দি চলচ্চিত্রের নামীদামি চিত্রনির্মাতারা আজকাল তাকে ভেবে নতুন নতুন চরিত্র সৃষ্টি করছেন। ফলে অভিনয়ের ক্ষেত্রে বারবার চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে বলিউডের এই তন্বী অভিনেত্রীকে। মজার ব্যাপার হলো, প্রতিটি চ্যালেঞ্জেই জয়ী হচ্ছেন তিনি। এরমধ্যেই বেশ অনেকগুলো পুরস্কার ঝুলিতে পুরতে সক্ষম হয়েছেন। এরমধ্যে দুটি ফিল্মফেয়ার পুরস্কারও রয়েছে। বলিউডে এই মুহূর্তে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর একজন আলিয়া ভাটকে সর্বশেষ ‘রাজি’ সিনেমায় দেখা গিয়েছিল গত বছর। বাস্তব ঘটনা অবলম্বনে লেখা উপন্যাস ‘কলিং সেহমাত’-এর চলচ্চিত্র রূপ ‘রাজি’ সিনেমাতে বাবার অনুরোধ রাখতে গিয়ে একজন ভারতীয় গুপ্তচর হিসেবে কাজ করার জন্য পাকিস্তানি সেনা কর্মকর্তাকে বিয়ে করা এক তরুণী সেহমাত-এর ভূমিকায় আলিয়া দুর্দান্ত অভিনয় করেছেন। দর্শক অনেক দিন তার অসাধারণ অভিনয়ের কথা মনে রাখবে। এ সপ্তাহে আলিয়া ভাট আবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন নতুন সিনেমা ‘গাল্লি বয়’-এ। মুম্বাই শহরের স্ট্রিট র্যাপারদের বাস্তবজীবনের গল্প নিয়ে আবর্তিত হিন্দি সিনেমাটিতে প্রথমবারের মতো জনপ্রিয় তারকা অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া। এখানে একজন সাধারণ মুসলিম তরুণী সাফিনা আলি চরিত্রে রূপদান করেছেন তিনি। কিছুটা অফট্র্যাকের চরিত্রটিতে সিরিয়াস অভিনয় করেছেন বলিউডের নতুন প্রজন্মের আলোকিত মেধাবী অভিনেত্রীটি। এরমধ্যে ‘গাল্লি বয়’ সিনেমায় অভিনয় করে নিজে বেশ সন্তুষ্ট আলিয়া। এ প্রসঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘বলিউডে এখন নানা ধরনের সিনেমা হচ্ছে। জয়া আখতার ও রীমা কাগতির অসাধারণ একটি কাজ “গাল্লি বয়”। এ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবানই ভাবছি। আমি নির্ধারিত ছকে বাঁধা চরিত্রে বারবার দর্শকদের সামনে এসে বিরক্তির কারণ হতে চাই না। “রাজি”র পর “গাল্লি বয়”-এ আমাকে দেখে দর্শক নিঃসন্দেহে বৈচিত্র্যের স্বাদ পাবেন।’
