জয়ে ফিরল বার্সা

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:২৮

আন্তর্জাতিক বিরতির আগে টানা দুই হারের যন্ত্রণায় পুড়ছিল বার্সেলোনা। বিরতির পর যেন ছন্দ খুঁজে পেল তারা। পিছিয়ে পড়েও লা লিগায় পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরল রোনাল্ড কোম্যানের দল। এই ম্যাচেই ব্লাউগ্রানা জার্সি গায়ে অভিষেক হয় সের্হিও আগুয়েরোর। তবে আনসু ফাতি ও ফিলিপে কুতিনিওর ম্যাজিকে কিছুটা আড়ালেই থেকে যান তিনি।

ক্যাম্প ন্যুতে ৯ মিনিটে হোসে গায়ার গোলে পিছিয়ে যাওয়ার ৪ মিনিট পর ফাতিই সমতায় ফেরান কাতালানদের। দ্বিতীয় গোলেও আছে তার ভূমিকা। ৪১ মিনিটে ডি বক্সে তাকে ফাউল করেন গায়া। স্পটকিক থেকে সহজ কাজটা করতে ভুল করেননি মেমফিস ডিপায়। রেফারি বাঁশি বাজানোর ৫ মিনিট আগে ব্যবধানটা আরো বাড়িয়ে দেন কুতিনিও। ১১ মাস পর গোল পেয়ে তার উচ্ছ্বাসই বলে দিচ্ছিল আগের মতো মাঠ মাতাতে কতোটা মরিয়া তিনি।