হাবিবের ‘ডুব, ন্যান্সির ‘দুদিকেই বসবাস’, ইমরানের ‘আরাধনা’, আরফিন রুমির ‘প্রিয়তমা’, ‘মন রাখো পাঁজরে’, ‘কিছু কথা আকাশে পাঠাও’, ‘তুমিহীনা’, কাজী শুভর ‘মন পাঁজরে’ এসব গান লিখে গীতকবি হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন জাহিদ আকবর। গেল বছর লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার লেখা প্রথম বই ‘উধাও’ প্রকাশ হয়েছিল ২০১৮-এর বইমেলায়। প্রথম বই হিসেবে বেশ সফলতাও দেখিয়েছেন জাহিদ আকবর। গেল বইমেলাতেই পাঠক চাহিদায় বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল! প্রথম বইয়ের সাফল্যের পর এ বছর তার দ্বিতীয় বই ‘শিকার’ নিয়ে এলেন।
জাহিদ আকবর বলেন, ‘বাংলাদেশ শোবিজ জগতের অলিগলির বিভিন্ন ফাঁদপাতার ঘটনা নিয়ে তিনি “শিকার” বইটি লিখেছি। নিজেও যেহেতু মিডিয়াতে আছি; নিজের দেখা, জানার বাইরে আমি কিছুই লিখতে পারি না। যেসব ঘটনা দেখেছি, জেনেছি সেইগুলো গল্প আকারে বইটিতে তুলে ধরেছি। এই শহরের চার স্বপ্নবাজ নারীর জীবনে ঘটে যাওয়া ঘটনা রয়েছে। কিছু অসত্ মানুষ এই চার নারীর স্বপ্নগুলো পুঁজি করে তাদের সঙ্গে প্রতারণা করে। এ বিষয়গুলোই বইটিতে বিভিন্নভাবে এসেছে।’
জাহিদ আকবর আরও বলেন, ‘গত বছর “উধাও” লিখে যে ভালোবাসা পেয়েছি, ওই ভালোবাসা ও অনুপ্রেরণা থেকে এবার “শিকার” লিখেছি।’
বইমেলায় প্রিয়মুখ প্রকাশনের ১৭৬-১৭৭ নম্বর স্টলে ‘শিকার’ বইটি পাওয়া যাচ্ছে।
