বিনোদন লেখক, কলামিস্ট রেজাউল করিম খোকনের পাঁচটি নতুন বই প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। ভাগ্যহত লাখ লাখ রোহিঙ্গার দেশত্যাগের প্রেক্ষাপটে সৃষ্ট মানবিক বিপর্যয় এবং মিয়ানমারের রাখাইনে বর্মী সৈন্যদের নৃশংসতার ভয়াবহ চিত্র ফুটিয়ে তোলা উপন্যাস ‘যেখানে সীমান্ত’ প্রকাশ করেছে গ্রন্থকুটির। সমকালীন সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে লেখা গল্প সংকলন ‘যে সাপের বিষ নাই’ প্রকাশিত হয়েছে গ্রন্থকুটির থেকে। অ্যার্ডন প্রকাশ করেছে ভিন্নস্বাদের গল্পগ্রন্থ ‘চেনা অচেনা এই শহরে’। হরর ফিকশন ‘রক্ত পিপাসা’ প্রকাশিত হয়েছে প্রিয়মুখ থেকে। কিশোর উপন্যাস ‘ক্ষুদে টারজান’ প্রকাশ করেছে বাবুই। রেজাউল করিম খোকনের পাঁচটি নতুন বই পাঠকদের মন ভরাতে সক্ষম হবে বলে আশা করা যায়। গল্প দিয়ে লেখালেখি শুরু করা এই লেখক গল্পের পাশাপাশি বিভিন্ন দৈনিক সাময়িকীতে নিয়মিতভাবে বিনোদন, লাইফ স্টাইল, অর্থনীতি, সমাজভাবনা ইত্যাদি বিষয়েও গত তিন দশকেরও বেশি সময় ধরে অবিরাম লিখে চলেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৩টি।
