বেসরকারি খাতের উন্নয়নে আইএফসিকে সহজ শর্তে ঋণের অনুরোধ অর্থমন্ত্রীর

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২৩:১৩

বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনকে (আইএফসি) অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার বিশ্বব্যাংক-আইএমএফর বার্ষিক সভা-২০২১ এর সাইড লাইনে বাংলাদেশ প্রতিনিধি দল এবং আইএফসি প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় তিনি এ অনুরোধ জানান। সভায় বাংলাদেশ প্রতিনিধিদলে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনসহ অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অর্থমন্ত্রী ২০১৯ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে “বাংলা বন্ড” ইস্যু করতে ভূমিকা রাখার জন্য আইএফসির প্রশংসা করেন। তিনি করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও গত বছর বাংলাদেশের ধনাত্বক জিডিপি প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

সভায় বাংলাদেশের পুঁজিবাজারে “টাকা বন্ড” ইস্যু, সামগ্রিক আর্থিক খাতের সংস্কার, আইএফসির দেশ কৌশল এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর মাধ্যেমে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী আইএফসিকে বেসরকারি খাতের উন্নয়নে অনশোর টাকা বন্ড, পিপিপিসহ অন্যান্য ক্ষেত্রে সহজ শর্তে ঋণ প্রদানের অনুরোধ করেন। তিনি ২০৩১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়তে বিপুল বিনিয়োগের বিষয়টি তুলে ধরে আইএফসিকে বাংলাদেশে পিপিপির মাধ্যমে বিনিয়োগে প্রয়োজনীয় কারিগরি সহায়তারও অনুরোধ জানান।