জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে পূজামণ্ডপে হামলা চালিয়েছে সরকার :রিজভী

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০০:৩৮

জনগণের  দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে সরকার হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, কৃত্রিমভাবে এ সব হামলার ঘটনা সৃষ্টি করে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষ ঢাকতেই এ সব হামলার ঘটনা ঘটানো হচ্ছে। এ ছাড়া পরিকল্পিতভাবে সরকারের মদদে দেশ জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা হচ্ছে। গতকাল জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তাতে আজকে মানুষের নিরাপত্তা নেই, আজকে সংখ্যালঘু সম্প্রদায় তারা নিরাপদে জীবনযাপন করতে পারছে না, উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে জীবনযাপন করছে।  এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, জেডআরএফের ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।