জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা এবং অসাম্প্রদায়িকতার প্রশ্নে কোনো আপস ও দরকষাকষি চলবে না। যে কোনো মূল্যে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গুজব রটিয়ে বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির এবং সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলার প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীতে মহানগর জাসদ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। বিভিন্ন জেলা-উপজেলায়ও অভিন্ন কর্মসূচি পালন করে জাসদ।
ইনু বলেন, কোনো হিন্দু পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে নিজেদের ধর্মের অধর্ম করবে না। পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা হিন্দুদের ওপর হামলার উছিলা তৈরির একটি সাজানো ও পরিকল্পিত ঘটনা। হামলার উছিলা তৈরির জন্য যারা মণ্ডপে কোরআন শরিফ রেখেছিল তারাই কোরআন শরিফের অবমাননা করেছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সামান্যতম শৈথিল্য না দেখিয়ে কঠোর হস্তে হামলাকারীদের দমন করতে হবে।
জাসদ সভাপতি বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি-শান্তি সহ্য করছে না তারাই পরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অশান্তি তৈরির জন্য হিন্দুদের ওপর হামলা করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা করতে দেওয়া হবে না। তিনি বলেন, ধর্মান্ধ মৌলবাদী-জঙ্গিবাদী গোষ্ঠী ও তাদের রাজনৈতিক পার্টনাররা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর যতই দিবাস্বপ্ন দেখুক, বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর রাজনীতি প্রতিহত করা হবে। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা প্রমুখ।
