কলকাতা ডেপুটি হাইকমিশনে বিজেপি নেতা শুভেন্দুর স্মারকলিপি

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০০:৫৩

বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসানের সঙ্গে দেখা করেন শুভেন্দু। তার সঙ্গে বিজেপির কিছু এমএলএ-ও ছিলেন।

দূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গের মানুষের উদ্বেগের কথা জানালাম। বললাম, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ হোক। উনি যেন আমাদের উদ্বেগের কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। ’  শুভেন্দু বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইসকনের এক জন ভক্তসহ ৯ জন মারা গেছেন। ৫০০ দুর্গামন্ডপ ভাঙা হয়েছে, ২০০ মন্দির তছনছ করা হয়েছে। কয়েকশ আহত মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন।’  তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তমীর দিন বলেছিলেন কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু তারপরও অত্যাচার বন্ধ হয়নি। রবিবারই রংপুরে জেলেদের গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্র নীতিকে সম্মান জানিয়ে বলছি, আমরা চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও কড়া হোন।’ প্রসঙ্গত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শুভেন্দু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি দিয়েছেন। আসামে প্রতিবাদ

বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে আসামেও গতকাল প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। কাচাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে বিক্ষোভ হয়। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেয়। তারা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার দাবি জানান। বিক্ষোভ উপলক্ষ্যে গতকাল ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।