আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। তাদের মধ্যে পাঁচ জনকে সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে এবং একজনকে ১৮ নং ওয়ার্ডের ফুলবাড়ী মধ্যপাড়ার সুফিয়ান সাদিক ভিলার সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন, জেলার চৌহালী উপজেলার শৈলজানা গ্রামেরমৃতমোকছেদ আলীর ছেলে মো. শফিকুল আলম তুহিন (৪৪), বগুড়া জেলার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার মৃত আবুল হোসেন প্রামানিকের ছেলে মো. বেল্লাল হোসেন (৫৮), মৃত সেলিম প্রামানিকের ছেলে মো. সোহাগ (২৯), মৃত লভ ফকিরের ছেলে মো. বুধা ফকির(৩৫), বগুড়া জেলার সোনাতলা থানার দক্ষিণ আটকোরিয়া গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. নান্নু মন্ডল (৩২) এবং গাজীপুর জেলার বেলাশী সরকারপাড়া এলাকার মৃত ইছা সরকারের ছেলে মো. ইসমাইল সরকার (৫৯)।
জানা যায়, আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে ডাকাত চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের গাড়িও জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, বগুড়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের ফুলবাড়ী মধ্যপাড়ার সুফিয়ান সাদিক ভিলার সামনে থেকে অপর একজনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা।
এ সময় আসামিদের কাছ থেকে দুইটি রিভালবার, দুই রাউন্ড রিভালবারের গুলি, সাতটি মোবাইল ফোন, নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মাইক্রোবাস এবং ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র জব্দ করা হয়।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার জন রানা মঙ্গলবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করে জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত চক্রটি দীর্ঘদিন যাবৎ পরিবহন ব্যবহার করে বিভিন্ন ভাবে ডাকাতি করে মালামাল লুট করে আসছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
